প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
চট্টগ্রামে কম্বলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম নগরীর কদমতলীতে কম্বলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে ওই গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে চারতলা ভবনটির ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালের গোডাউন রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর সেটা নিরূপণ করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। এর আগে দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Copyright © 2026 All rights reserved.